গোপালগঞ্জ প্রতিনিধি: চতুর্থ মেয়াদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পাওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক জাফর ওয়াজেদ।
শনিবার (১৮ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পিআইবি মহাপরিচালক।
এ সময় তিনি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।
এছাড়া পিআইবির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ জাকির হোসেন, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন জাফর ওয়াজেদ।
এ সময় তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের সংগ্রহশালা, লাইব্রেরিসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
গত ৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে টানা চতুর্থবারের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পান একুশে পদক পাওয়া সাংবাদিক জাফর ওয়াজেদ।
জাফর ওয়াজেদ ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ পান। ২০২১ সালের ২০ এপ্রিল নিয়োগের মেয়াদ শেষ হলে তাকে আরও দুই বছরের জন্য একই পদে দায়িত্ব দেওয়া হয়। পরে ২০২৩ সালের ২৫ এপ্রিল তাকে পুনরায় এই পদে নিয়োগ দেওয়া হয়। এবার তিনি চতুর্থবারের মতো নিয়োগ পেলেন।
জাফর ওয়াজেদের সাংবাদিকতা শুরু দৈনিক সংবাদে। তিনি দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক ও বাংলাবাজার পত্রিকা এবং দৈনিক মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক ছিলেন। সবশেষ তিনি দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদক ছিলেন।








Leave a Reply