যুগের খবর ডেস্ক: নভেল করোনাভাইরাস সংক্রমণের পর এই প্রথম যে দিনে চীনে কোনো রোগীর মৃত্যু ঘটেনি, এবং নতুন করে কেউ আক্রান্তও হয়নি সেইদিনই সেদিনই সর্বাধিক প্রাণ হারালো মহামারীর নতুন কেন্দ্র যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তথ্য অনুসারে, বাংলাদেশ সময় মঙ্গলবার ( ৭ এপ্রিল) দিবাগত রাত ২টা পর্যন্ত মৃতের সংখ্যা ৮১ হাজার ১০৩ জন। করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ১২ হাজার ১০৩ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৯৮ হাজার ৩৫২ জন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট তিন লাখ ৮৬ হাজার ৮০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১২ হাজার ২৮৫ জনের। নিউ ইয়র্ক রাজ্যে ২৪ ঘন্টায় ৭৩১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুমো; গত ১৪ মার্চ এই রাজ্যে কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর পর একদিনে এত মানুষের মৃত্যু আর ঘটেনি।
শুধু নিউ ইয়র্ক শহরে মৃত্যুর সংখ্যাও এখন গোটা চীনকে ছাড়িয়েছে, নভেল করোনাভাইরাসের উৎস ভূমিকে। চীনে মৃতের সংখ্যা এখনও সাড়ে তিন হাজারের নিচে রয়েছে।
চার মাস আগে গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম নভেল করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়।
তবে এখন চীনে পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে; সর্বশেষ তথ্যে ২৪ গন্টায় দেশটির মূলভূখণ্ডে কোভিড-১৯ রোগে কারও মৃত্যু হয়নি এবং স্থানীয়ভাবে কেউ আক্রান্তও হয়নি বলে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে।
ইউরোপে সবচেয়ে বিপর্যয়কর পরিস্থিতির মধ্যদিয়ে যাওয়া ইতালি ও স্পেনে পরিস্থিতির ক্রমেই উন্নতি ঘটছে। সেখানে মৃত কিংবা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার কমছে। তবে এখনও মৃতের সংখ্যায় শীর্ষে ইতালি। মঙ্গলবার নাগাদ ১৭ হাজার ১২৭ জনের মৃত্যু ঘটেছে; আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৩৫ হাজার ৫৮৬।
মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা স্পেন আক্রান্তের সংখ্যাও দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে আক্রান্ত এক লাখ ১৪ হাজার ৫১১ জনের মধ্যে ১৩ হাজার ৮৯৭ জনের মৃত্যু ঘটেছে।
মৃতের সংখ্যায় তৃতীয় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১২ হাজার ২৮৫ জনের: আক্রান্তে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র । এই সংখ্যা তিন লাখ ৮৬ হাজার ৮০০ জন
মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরই এখন ফ্রান্স। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা লাখ ছুঁইছুঁই করছে।
ফ্রান্সের জনস্বাস্থ্য বিভাগের প্রধান জেরমি সলোমন আশঙ্কা করছেন সামনে আরও ভয়ানক দিন আসছে। তিনি বলেছেন, ফ্রান্স এখনও খারাপ অবস্থার চরম সীমায় এখনও পৌঁছেনি।
ফ্রান্সের মতো হিমশিম খাচ্ছে যুক্তরাজ্যও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭৮৬ জনের মৃত্যু ঘটেছে। তাদের নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৯।
যুক্তরাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, তারা এ পর্যন্ত দুই লাখ ১৩ হাজারের বেশি জনকে পরীক্ষা করে ৫৫ হাজার ২৪২ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করেছেন।
এদের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও রয়েছেন। অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
জার্মানিতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালেও মৃতের সংখ্যা দুই হাজারের নিচে রাখতে পেরেছে তারা। দেশটিতে এই পর্যন্ত এক হাজার ৯০৫ জনের মৃত্যু ঘটেছে, যা বেলজিয়াম ও নেদারল্যান্ডসের চেয়েও কম।
ইরানে মৃতের সংখ্যা শতাধিক বেড়ে তিন হাজার ৮৭২ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৬২ হাজারের বেশি মানুষ।
ইরানে পরিস্থতির খানিক উন্নতি ঘটলেও অবনতি ঘটেছে তুরস্কে; দেশটিতে আক্রান্ত বেড়ে ৩৪ হাজার ছাড়িয়েছে, মৃতের সংখ্যা হয়েছে ৭২৫।
দক্ষিণ এশিয়ার ভারতে রোগীর সংখ্যা ৫০৮ জন বেড়ে চার হাজার ৭৮৯ জন হয়েছে। এর মধ্যে এক হাজার মহারাষ্ট্রের। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৪।
পাকিস্তানে এক দিনে দুই শতাধিক ছাড়িয়ে আক্রান্তের সংখ্যা এখন চার হাজার নয় জন। পাকিস্তানে আক্রান্তের অর্ধেকই পাঞ্জাবের। দেশটিতে নতুন কারও মৃত্যু ঘটেনি বলে সংখ্যাটি ৫২ জনই রয়েছে।
বাংলাদেশে এক দিনে এক দিনেই ৪১ জনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে ১৬৪ হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭।
করোনাভাইরাসের মহামারি এখনও সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পৌঁছায়নি বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনের মতো সংঘাত কবলিত দেশগুলোতে সংক্রমণ শুরু হলে পরিস্থিতি আরও বিপর্যয়কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘ভাইরাসটি দেখিয়ে দিয়েছে কত দ্রুত তা সীমান্ত পার হতে পারে, দেশ বিধ্বস্ত করে দিয়ে জীবন কেড়ে নিতে পারে।’ করোনা মহামারি মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে আরও বেশি সহায়তা দিতে উন্নত দেশ এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস।








Leave a Reply