আজকের তারিখ- Fri-12-12-2025
 **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত **   আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা **   দীর্ঘ ১৩মাস পরে পরিবারের নিকট ফিরলেন ৬ জেলে, আনন্দে আত্মহারা পরিবারের লোকজন **   নাগেশ্বরীতে একহাজার পিচ ইয়াবা ও প্রাইভেটকার জব্দ **   উলিপুর থানার নবাগত ওসি হিসেবে যোগদান করলেন সাঈদ ইবনে সিদ্দিক **   ৮ বা ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হবে **   আমি নির্বাচনে অংশগ্রহণ করবো: আসিফ মাহমুদ

নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল ২১ আগস্ট আজ

যুগের খবর ডেস্ক: ২০০৪ সালের এই দিনে গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে তৈরি হয় এক বিভীষিকা। গোটা দেশ স্তব্ধ হয়ে পড়ে ওই হামলায়। আজ সেই ২১ আগস্ট, নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন।
এ হামলায় বর্তমান প্রধানমন্ত্রী ও তত্কালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা অল্পের জন্য রক্ষা পেলেও আওয়ামী লীগের তত্কালীন মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ নেতাকর্মী নিহত হন। আহত হন আরো অন্তত ৫০০ জন। আহতদের অনেকেই স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন।
আওয়ামী লীগের নেতারা বলেছেন, তৎকালীন বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে সংগঠনের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যে ওই ঘৃণ্য হামলা চালায় ঘাতক চক্র। শুধু গ্রেনেড হামলাই নয়, সেদিন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়ি লক্ষ্য করেও চালানো হয় ছয় রাউন্ড গুলি। আওয়ামী লীগ সভাপতি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হন, তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন। ২১ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় বাণীতে।
বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এ অপশক্তির যেকোনো অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সব আইনি বিধি-বিধান ও প্রক্রিয়া অনুসরণ করে যত দ্রুত সম্ভব ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায় কার্যকর হবে। এ রায় কার্যকর করার মধ্য দিয়ে দেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান হবে এবং বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমিতে পরিণত হবে।’
নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে ও হতাহতদের স্মরণে ২০০৪ সাল থেকে প্রতি বছর সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী নানা কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগ। প্রতিবারের মতো এবারো কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কী ঘটেছিল সেদিন: ২০০৪ সালের ২১ আগস্ট ছিল শনিবার। বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাস ও বোমা হামলার বিরুদ্ধে আওয়ামী লীগের সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন তত্কালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। সমাবেশ শেষে সন্ত্রাসবিরোধী মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনের সামনে যাওয়ার কথা। তাই মঞ্চ নির্মাণ না করে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ট্রাককে অস্থায়ী মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়। বুলেট প্রুফ মার্সিডিজ বেঞ্জ চেপে বিকাল ৫টার একটু আগে সমাবেশস্থলে পৌঁছেন বিরোধী দলের নেতা। সমাবেশে অন্য কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর শেখ হাসিনা বক্তব্য দিতে শুরু করেন।
বিকাল ৫টা ২২ মিনিটে বক্তৃতা শেষ করে শেখ হাসিনা তার হাতে থাকা একটি কাগজ ভাঁজ করতে করতে এগোতে থাকেন ট্রাক থেকে নামার সিঁড়ির কাছে। ঠিক সে মুহূর্তেই শুরু হয় গ্রেনেড হামলা। বিকট শব্দে বিস্ফোরিত হতে লাগল একের পর এক গ্রেনেড। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে ট্রাকে অবস্থানরত নেতারা ও শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তারা মানবঢাল রচনা করে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন বঙ্গবন্ধু কন্যাকে। পরে ঘাতকরা শেখ হাসিনার গাড়িকে টার্গেট করে গুলি চালায়। শেখ হাসিনাকে আড়াল করে বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন বিলিয়ে দেন তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশীদ।
২১ আগস্টের সেই রক্তাক্ত ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ১৬ জন। বাকিরা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নারী নেত্রী আইভি রহমান ৫৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৪ আগস্ট মারা যান। এই বর্বরোচিত হামলায় নিহতদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশীদ, আবুল কালাম আজাদ, রেজিনা বেগম, নাসির উদ্দিন সরদার, আতিক সরকার, আবদুল কুদ্দুস পাটোয়ারি, আমিনুল ইসলাম মোয়াজ্জেম, বেলাল হোসেন, মামুন মৃধা, রতন শিকদার, লিটন মুনশী, হাসিনা মমতাজ রিনা, সুফিয়া বেগম, রফিকুল ইসলাম (আদা চাচা), মোশতাক আহমেদ সেন্টু, মোহাম্মদ হানিফ, আবুল কাশেম, জাহেদ আলী, মোমেন আলী, এম শামসুদ্দিন, ইসাহাক মিয়া প্রমুখ।
২০০৪ সালের ২১ আগস্টের ঘটনার ১৪ বছর এক মাস ২০ দিন পর রায় ঘোষণা করা হয়। মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মধ্যে পলাতক দুজন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১২ জন ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত চারজন পলাতক রয়েছেন।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৯ আসামির মধ্যে মাওলানা তাজউদ্দিন ও হানিফ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ হানিফ, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৯ আসামির মধ্যে তারেক রহমান, কুমিল্লার সাবেক সংসদ সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, আনিসুল মোর্সালীন, মুহিবুল মুক্তাকীন, খলিলুর রহমান খলিল, জাহাঙ্গীর আলম ওরফে বদর, ইকবাল, মাওলানা লিটন ওরফে জোবায়ের ওরফে দেলোয়ার, হারিছ চৌধুরী, বাবু ওরফে রাতুল বাবু, শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, দুই বছর করে কারাদণ্ডপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এটিএম আমিন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ারদার, তত্কালীন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (পূর্ব) ওবায়দুর রহমান ও ডিএমপির উপকমিশনার (দক্ষিণ) খান সাঈদ হাসান পলাতক রয়েছেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )