প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১সেপ্টেম্বর)বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠা, দলের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম ও কাজী নিজাম, যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, ইফতেখারুল ইসলাম শ্যামাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় সহস্রাধিক নেতা-কর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে সারা দেশের মতো ভূরুঙ্গামারীতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
Copyright © 2026 Juger Khabor. All rights reserved.