প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৬, ২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
ভূরুঙ্গামারীতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুর মোহাম্মাদ নামে এক ব্যাংকিং ব্যবসায়ীর টাকা ছিনতাই

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুরমোহাম্মদ (৩৯) নামের এক এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীকে মারাত্মক আহত করেছে। সোমবার ১৯ অক্টোবর দিবাগত মধ্যরাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামারের ওই ব্যবসায়ীর বাড়ির নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত নুরমোহাম্মদ দক্ষিণ দেওয়ানের খামার গ্রামের আকবর আলীর ছেলে।
তিনি দেওয়ানের খামারের মেসার্স সাহা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় নয়ন টেলিকম স্টোর নামের ব্যবসায় প্রতিষ্ঠানে বিকাশ ও রকেট এজেন্ট ব্যাংকিং ব্যবসা করেন। দুর্বৃত্তরা তাকে নিজ বাড়ির সামনে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে তার নিকটে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
নুরমোহাম্মদের বড় ভাই নুরন্নবী বলেন, সোমবার রাতে নুরমোহাম্মদ দোকান বন্ধ করে বাড়ি ফিরতে দেরি করছিল। তার বাড়ি ফিরতে দেরি দেখে আমাদের মা বাড়ির গেটের বাইরে বের হন। পরে নুরমোহাম্মদকে মারাত্মক আহত অবস্থায় বাড়ির নিকটস্থ রাস্তায় পড়ে থেকে কাতরাতে দেখা যায়।
তিনি আরো জানান, ঘটনার সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও হাঁটুতে এলোপাতাড়ি আঘাত করেছে। তার নিকট থাকা সারাদিনে ব্যবসার টাকা এবং মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। নুরমোহাম্মদকে রাতে হাসপালতালে নিয়ে পথে থানায় নেয়া হয়েছিল। সেখানে ছবি তুলে রেখেছে এবং আগে চিকিৎসা করাতে বলেছে।
মঙ্গলবার দুপুরে এ রিপোর্ট লেখা সময় পর্যন্ত নুরমোহাম্মদের জ্ঞান ফেরেনি বলে জনিয়েছেন তার বড় ভাই।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 Juger Khabor. All rights reserved.