প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
রাজারহাটে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমেও তরুণ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভর জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। এরই অংশ হিসেবে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের ৮০ জন ছাত্রছাত্রীকে নিয়ে শুরু হয়েছে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণ।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের প্রথম ধাপের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক উজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট মনিরুজ্জামান।
জানা যায়, কলেজভিত্তিক (পুরুষ ও মহিলা) এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক ও জাতীয় প্রয়োজনে ভূমিকা রাখার উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে। পড়াশোনার পাশাপাশি এমন প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও বাস্তব দক্ষতা অর্জনে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রশিক্ষণে সরকারি মীর ইসমাইল হোসেন সরকারি কলেজের ৮০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেদের দক্ষতা বিকাশ এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
Copyright © 2026 Juger Khabor. All rights reserved.