প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
ভূরুঙ্গামারীতে ৪ হাজার ১০০ শত ৫০ জন কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের ৪ হাজার কৃষককে সরিষার বীজ ও সার দেওয়া হচ্ছে। পাশাপাশি বাদাম ও অড়হর চাষের জন্য আরও ১৫০ জন কৃষককে বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে।
সম্প্রতি উপজেলা কৃষি কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার দেওয়া হচ্ছে। এ সুবিধা পাবেন উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।
এ ছাড়া ১০টি ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ১০০ জন কৃষককে বাদাম চাষের জন্য প্রত্যেককে ১০ কেজি বাদামের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। অড়হর চাষের জন্য প্রতি ইউনিয়ন থেকে পাঁচজন করে মোট ৫০ জন কৃষককে বীজের পাশাপাশি ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।
উদ্বোধনের দিন তিলাই, জয়মনিরহাট ও সদর ইউনিয়নের কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি ইউনিয়নগুলোতেও এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, রবি মৌসুমে সরিষা, বাদাম ও অড়হর চাষ সম্প্রসারণ এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এ প্রণোদনা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নের নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব উপকরণ পৌঁছে দেওয়া হবে।
কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে ভূরুঙ্গামারী উপজেলায় ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা, ৭৫ হেক্টর জমিতে বাদাম এবং ২ হেক্টর জমিতে অড়হর চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
Copyright © 2026 Juger Khabor. All rights reserved.