আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসকে সংবর্ধনা দিয়েছে উপজেলাবাসী। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা দেয়া হয়।
সম্প্রতি গোলাম ফেরদৌস ইউএনও থেকে এডিসি পদে পদোন্নতি পেয়েছেন। তাকে ঠাকুরগাঁও জেলায় পদায়ন করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন এতে সভাপতিত্ব করেন। ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক সঞ্চালনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ভূরুঙ্গামারীর সাবেক সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, কৃষি অফিসার আব্দুর জব্বার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, জামায়াতের উপজেলা আমির আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ, সোনাহাট কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, বলদিয়া কলেজের অধ্যক্ষ লুৎফর ও এনসিপি নেতা মাহফুজুল ইসলাম কিরণ প্রমুখ স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা বিদায়ী ইউএনওর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
বিদায়ী ইউএনও গোলাম ফেরদৌস বলেন, ভূরুঙ্গামারীর মানুষের কাছ থেকে যে পরিমান ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি তা সারাজীবন মনে থাকবে। এ উপজেলার মানুষ অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক। ভূরুঙ্গামারী আরও সমৃদ্ধ হোক এই কামনা করি।
পরে বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।








Leave a Reply