কুড়িগ্রাম প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, যে নীতি ও আদর্শের মাধ্যমে দেশ গত ৫২/৫৪ বছর পরিচালিত হয়েছে, সেই ব্যবস্থায় বাংলাদেশের মানুষের চাওয়া-পাওয়া কিছুই বাস্তবায়িত হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিলেও এর বিনিময়ে আমরা আজ পাচার ও দুর্নীতিতে বিশ্বে শীর্ষস্থানে পৌঁছেছি।
আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে জেলা শহরের স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “৫ আগস্টের পর এ দেশের মানুষের ন্যায়বিচারসহ সকল অধিকার প্রতিষ্ঠার একটি বড় সুযোগ তৈরি হয়েছিল। সেই সুযোগ কাজে লাগানোর জন্য আমরা চেষ্টাও করেছি, পরিবেশও তৈরি হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, তখন ক্ষমতালোভীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়।”
পীর সাহেব চরমোনাই আরও বলেন, “বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন জোট পরিষ্কারভাবে বলেছে, তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা প্রচলিত নিয়মেই দেশ চালাবে। যদি তাই হয়, তাহলে এই জীবনগুলো দেওয়ার প্রয়োজন ছিল কেন?”
তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আবু সাইদ বুক পেতে দিয়েছিল বৈষম্য দূর করার জন্য। মুগ্ধ ‘পানি পানি’ বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়েছিল। তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য আত্মত্যাগ করেনি।”
এ সময় তিনি ইসলামের পক্ষে একটি মাত্র দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা উল্লেখ করে আসন্ন নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুর বখ্ত মিয়া। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








Leave a Reply