এস, এম নুআস: ৫৪৪ দিন পর স্কুল খোলায় উৎসাহ উদ্দীপনা নিয়ে স্কুলে ফিরেছে শিক্ষার্থীরা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা হয়ে উঠেছে মুখরিত। চিৎকার, আর বাঁধভাঙা জোয়ারে আনন্দের বহিঃপ্রকাশ তাদের। ঢং ঢং করে বাজলো ঘণ্টাধ্বনি। সবাই ঢুকলো শ্রেণিকক্ষে। কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন চিত্র দেখা গেছে। তবে শিক্ষার্থী উপস্থিতি ছিল অত্যন্ত নগন্য।
দেড় বছর পরে স্কুল খুললেও অনুপস্থিত ছিলেন বুরুজেরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারানুস গুড়াতি। ১১টার পর তালা খুলেছে দক্ষিণ সাদুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী উপস্থিতির হার ছিল অত্যন্ত নাজুক। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুল, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দিয়ে বরণ করার ব্যবস্থা থাকলেও চিলমারীতে এর কোন বালাই নাই। শিক্ষার্থীদের উৎসাহ দেয়া তো দুরের কথা, তাদের শতভাগ উপস্থিতির প্রতি গুরুত্ব দেননি প্রধান শিক্ষকরা। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে একই অবস্থা দেখা দিয়েছে। ১২ সেপ্টেম্বর স্কুল খোলার জন্য ব্যাপক প্রচার-প্রচারনা থাকা সত্বেও আজও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করেছে।
গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, অনেক দিনপর প্রিয় ক্যাম্পাসে ফিরেছি। সকল পরিচিত মুখ দেখে আনন্দিত হয়েছি। কিছুটা স্বস্তি নিয়ে আবারও লেখাপড়ায় মনোযোগী হতে যাচ্ছি ভাবতেই ভালো লাগছে।
থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফিয়া আক্তার বলেন, অনেকদিন ঘরবন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম। স্কুল খুলছে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে।
গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ বলেন, অনেকদিন পর শিক্ষার্থীরা কলেজে ফিরেছে। তাদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে প্রয়োজনীয় দিকনিদের্শনা দেয়া হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাহের আলী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সকল সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা খুলে দেয়া হয়েছে। এর মধ্যে মাধ্যমিক স্কুল ১৯টি, ১২টি মাদ্রাসা ও ৪টি কলেজ রয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু ছালেহ্ সরকার বলেন, উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯৩টি। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে প্রবেশ করানো হয়েছে।








Leave a Reply