প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশীকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে নারী, শিশু ও পুরুষ সদস্য রয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ৩টার দিকে ওই সীমান্তের ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয়া হয়। এদের সকলের বাড়ি ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা বজরের খামার এলাকায়। কাজের সন্ধানে অবৈধভাবে তারা ভারতে গিয়েছিল।
কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা ঠেলে দেয়া ওই ৯ নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান, ভারতীয় খেতাবের কুটি ও ঝিকরী ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ ওই ৯ জনকে বাংলাদেশে পুশইন করে। পরে আমরা টহলরত বিজিবির সদস্যরা তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করি।
পুশইন হওয়া ওই ৯ জন হলেন, বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা: আমিরন বেগম (৪৫) মেয়ে রুমি খাতুন (২০) জামাতা আপেল (২৯) নাতি হৃদয় (৩), মোছা: মিনা বেগম (৩০) স্বামী জয়নাল আবেদীন (৩৫) পিতা আমিনুল ইসলাম। তার মেয়ে জুই (১০), মীম (৭) এবং নুর হামিদ (৭) সকলের বাড়ি ফুলবাড়ী উপজেলা সদরের চন্দ্রখানা বজরের খামার এলাকায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুপুরে বিজিবি পুশইন হওয়া ৯ জনকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী এন্ট্রি করা হয়েছে। পরে সকলের পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








Leave a Reply