• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

রাষ্ট্রীয় আয়োজনে পালিত হবে কবিগুরুর জন্মদিন

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

যুগের খবর ডেস্ক: বাংলা সাহিত্যের মহীরুহ রবীন্দ্রনাথ ঠাকুর। তার হাত ধরেই বাংলা সাহিত্য বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কবিগুরুর রয়েছে অবিস্মরণীয় অবদান।
বাংলা পঞ্জিকার হিসেব অনুযায়ী আগামীকল ২৫ বৈশাখ শুক্রবার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মদিন। বঙ্গাব্দ ১২৬৮ সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। গল্পে, উপন্যাসে, কবিতায়, প্রবন্ধে, নতুন সুরে ও বিচিত্র গানের বাণীতে, অসাধারণ সব দার্শনিক চিন্তাসমৃদ্ধ প্রবন্ধে, সমাজ ও রাষ্ট্রনীতিসংলগ্ন গভীর জীবনবাদী চিন্তাজাগানিয়া অজস্র এমনকি চিত্রকলায়ও রবীন্দ্রনাথ চির নবীন। মানুষের মুক্তির দর্শনই ছিল কবিগুরুর দর্শন। বিশ্বমানবতায় বিশ্বাস করতেন মানবতাবাদী এই কবি। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই দর্শন অন্বেষণ করেছেন। তার কবিতা, গানসহ সাহিত্যের বিভিন্ন শাখার লেখনী মানুষকে আজও সেই অন্বেষণের পথে, তার অন্বিষ্ট উপলব্ধির পথে আকর্ষণ করে। তার কাছ থেকেই আমাদের জাতীয় সংগীত ও ‘বাংলাদেশ’ নামের বানানটি নেওয়া হয়েছে। তিনি ছিলেন একাধারে কবি, নাট্যকার, কথাশিল্গী, চিত্রশিল্গী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, ছোট গল্পকার ও ভাষাবিদ।
বাংলা সাহিত্য-সংস্কৃতির এমন কোনো দিক নেই যা নিয়ে তিনি লেখালেখি করেননি। জীবনের শেষ পর্যায়ে তিনি চিত্রকর হিসেবেও খ্যাতি অর্জন করেন। রবিঠাকুরই বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। প্রথম এশীয় হিসেবে ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শ্রাবণের বাদলঝরা দিনে ইহলোকের মায়া ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রকৃতিকে কাঁদিয়ে রবীন্দ্রনাথ যেদিন ইহধাম ত্যাগ করেন সেদিন শোকার্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে লিখেছিলেন ‘দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্তপারের কোলে/ বাংলার কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে/ শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে।
জাতীয় পর্যায়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান নানা বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করবে কবির জন্মজয়ন্তী।
জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপনে তিনদিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্যে এবারের আয়োজনে আজ শুক্রবার শুরু হচ্ছে এই আয়োজন।
কুষ্টিয়ার শিলাইদহসহ কবির স্মৃতিবিজড়িত জেলাগুলোতে অনুষ্ঠিত হবে এসব রাষ্ট্রীয় কর্মসূচি। এরমধ্যে কুষ্টিয়ার শিলাইদহে অনুষ্ঠিত হবে তিনদিনব্যাপী জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ওয়াকিল আহমেদ। এতে বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
কুষ্টিয়ার পাশাপাশি কবির স্মৃতিধন্য নওগাঁর পতিসরেও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পতিসরের আয়োজনে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অন্যদিকে, সিরাজগঞ্জের শাহজাদপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া খুলনার দক্ষিণডিহিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় প্রায় এক ঘণ্টার একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান (নৃত্য, সংগীত ও আবৃত্তি) পরিবেশিত হবে। এছাড়া, ঢাকাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে দিবসটি পালন করা হবে। পাশাপাশি কবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমির পক্ষ থেকে বিশেষ স্মরণিকা ও পোস্টার মুদ্রণ ও বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শান্তি ও মানবিক মূল্যবোধের প্রসারে বিশ্বকবির জীবন ও কর্মকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। দেশের সর্বত্র এই উৎসব সুচারুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনকে পর্যাপ্ত নিরাপত্তা ও আনুষঙ্গিক সহযোগিতা নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়েছে।
শিল্পকলা একাডেমি: রবীন্দ্রনাথ ঠাকুরের নানামুখী সৃষ্টিকর্ম উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ থেকে সারাদেশে একযোগে উদযাপিত হবে চারদিনব্যাপী রবীন্দ্রজন্মজয়ন্তী।
প্রথম দিনের আয়োজনে আজ বিকালে জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। এতে প্রধান আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
কাল শনিবার দ্বিতীয় দিনের আয়োজনে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
রবিবার তৃতীয় দিনের আয়োজনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
একইসঙ্গে এদিন বিকেল ৫টায় জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২ এ চারুকলা বিভাগের আয়োজনে ‘রবির চিত্র চিত্রে রবী’ শীর্ষক দশদিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী শুরু হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। দশদিনের এই প্রদর্শনী চলবে ২৩ মে শনিবার পর্যন্ত।
সোমবার ১১ মে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা রুহুল কবীর রিজভী। সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
প্রতিদিনের আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে কবিগুরুর সৃষ্টি গান, নৃত্য ও আবৃত্তি।
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি ছাড়াও দেশের সকল জেলা শিল্পকলা একাডেমিতে কবিগুরুর স্মরণেও অনুষ্ঠিত হবে আলোচনা ও কবির সৃষ্টিকর্ম নিয়ে নানান অনুষ্ঠানমালা। পরিবেশিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা