যুগের খবর ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভাষণটি রেকর্ড করা হয়েছে এবং আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তা একযোগে সম্প্রচার করা হবে।ইসি জানায়, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে সিইসির ভাষণ প্রচার করা হবে। এই ভাষণের মাধ্যমে নির্বাচন ঘিরে কমিশনের সার্বিক প্রস্তুতি ও অবস্থান সম্পর্কে দেশবাসীকে অবহিত করার পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনের দায়িত্বশীল সূত্রগুলোর ধারণা, ভাষণে সিইসি ভোটারদের উদ্দেশে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন। পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরবেন।
ভাষণে দেশজুড়ে নির্বাচনি সামগ্রী বিতরণের অগ্রগতি, মোট ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত চিত্র তুলে ধরার কথা রয়েছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং ড্রোন নজরদারির মাধ্যমে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।
এ ছাড়া একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের দৃঢ় অঙ্গীকার ভাষণে পুনর্ব্যক্ত করা হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।








Leave a Reply