যুগের খবর ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, কোভিড-১৯ মোকাবিলায় দ্বিধা এবং জটিলতার অর্থ হলো এই মহামারি অবসান হওয়ার এখনো অনেক বাকি। তবে জনস্বাস্থ্য সুরক্ষার প্রমাণিত নিয়মগুলো অনুসরণ করা গেলে এই মহামারি কয়েক মাসের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করে সংস্থাটি। সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ডব্লিউএইচও’র প্রধান ড. টেড্রোস আডানোম গেব্রিয়াসিস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমিত দেশের তালিকায় ব্রাজিলকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছে ভারত। যুক্তরাষ্ট্রের পর এখন ভারতেই সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। দেশটিতে এখন ব্যাপক আকারে সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। প্রায় একশ’ ৪০ কোটি জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত দশ কোটি ৫০ লাখ ডোজ টিকা প্রদান করা গেছে।
সোমবার ডব্লিউএইচও’র প্রধান ড. টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, ‘আমরাও সমাজ এবং অর্থনীতি পুনরায় খোলা দেখতে চাই। দেখতে চাই ভ্রমণ ও বাণিজ্য আবারও সচল হচ্ছে। কিন্তু এই মুহূর্তে বহু দেশে নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলো উপচে পড়ছে আর মানুষ মারা যাচ্ছে-আর এগুলো সম্পূর্ণভাবে এড়ানো সম্ভব।’ তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারি অবসানের এখনো অনেক বাকি। কিন্তু আমাদের আশাবাদী হওয়ার বহু কারণ রয়েছে। এই বছরের প্রথম দুই মাসে আক্রান্ত এবং মৃত্যুর পরিমাণ কমে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এই ভাইরাস এবং এর ভ্যারিয়েন্টগুলো থামানো সম্ভব।’
গেল সপ্তাহে প্রাদুর্ভাব শুরুর পর সাপ্তাহিক হিসেবে চতুর্থ সর্বাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে বিশ্বে। ডব্লিউএইচও’র টেকিনিক্যাল হেড মারিয়া ভ্যান জানিয়েছেন, ‘গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা নয় শতাংশ এবং মৃত্যু বেড়েছে পাঁচ শতাংশ।’
বেশিরভাগ দেশেই করোনার টিকাদান কর্মসূচি জোরালো করা সত্ত্বেও এভাবে ভাইরাসটির বিস্তার বাড়ছে। এ পর্যন্ত বিশ্বের ৭৮ কোটি মানুষ করোনার টিকা নিয়েছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে টিকা গুরুত্বপূর্ণ একটি অস্ত্র হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেদ্রোস আধানম গ্রেব্রেয়াসুস এই একটি অস্ত্র ছাড়াও বিশ্ববাসীকে ভাইরাসটির বিস্তার ঠেকাতে অন্যান্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার ওপর জোর দিয়েছেন।
ডব্লিউএইচও প্রধান এ প্রসঙ্গে বলেন, ‘শারীরিক দূরত্ব কাজ করে। কাজে আসে মাস্ক পরাটাও। হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধিও খুব গুরুত্বপূর্ণ। বায়ুচলাচল, নজরদারি, পরীক্ষা, কনট্যাক্ট ট্রেসিং, আইসোলেশন এবং কোয়ারেন্টাইনের মতো বিষয়গুলোর প্রতি আমাদের গুরত্ব দিতে হবে।’
ড. টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন কয়েকটি দেশে সংক্রমণ বাড়তে থাকলেও রেস্টুরেন্ট, নাইটক্লাবগুলো পূর্ণ থাকছে আর মার্কেটগুলোও খোলা থাকছে। আর এসব স্থানে সমাগম করা মানুষের খুব অল্প পরিমাণই সতর্কতা অবলম্বন করছে। তিনি বলেন, ‘কেউ কেউ মনে করছে অপেক্ষাকৃত তরুণ হলে করোনায় সংক্রমিত হলেও তাদের কিছু হবে না।’
তিনি সতর্ক করে বলেন, ‘জনস্বাস্থ্য ব্যবস্থায় বিদ্যমান বিভ্রান্তি, আত্মতুষ্টি ও অসঙ্গতি এবং তার প্রয়োগের মতো বিষয়গুলোর কারণে করোনার সংক্রমণ সামনে আরও বাড়বে। আর এতে করে আরো অনেক মানুষের মৃত্যুর মাধ্যমে এর মূল্য দিতে হবে আমাদের।’
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে প্রাদুর্ভাব শুরুর পর মহামারি আকারে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এ পর্যন্ত ২৯ লাখ ৪০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। উৎপত্তির পর এই ভাইরাস সংক্রমণ ঘটিয়েছে ১৩ কোটি ৬০ লাখের বেশি মানুষের দেহে।








Leave a Reply