Posted In:
ভুরুঙ্গামারী | Posted on: 21/01/2025 at 1:33 PM |
No Comment আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ইটভাটার কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করে নগদে তা আদায় করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
সোমবার (২০ জানুয়ারি) ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ৩টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওই আইনের ৫(১) ধারা ভঙ্গ করে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে উপজেলার আইকুমারীভাতিতে অবস্থিত মেসার্স টি এম এইচ ব্রিকস নামক ইটভাটা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা, পাইকেরছড়ায় অবস্থিত মেসার্স মুন ট্রেডার্স নামক ইটভাটা কর্তৃপক্ষকে ১ লাখ এবং গছিডাঙ্গায় অবস্থিত মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স নামক ইটভাটা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা করে সর্বমোট ৩টি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও কৃষিজমির মাটি ভাটায় ব্যবহারে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুল ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
এবিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Post Views:
260
Leave a Reply