আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় একদিকে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, অপরদিকে শিক্ষকদের ভোগান্তিতে বেড়েছে।
জানাগেছে, উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ৩৫টি, মাদরাসা ১৯টি, টেকনিক্যাল কলেজ ৬টি এবং ৫টি কলেজ রয়েছে। প্রায় ছয মাস আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অন্যত্র বদলী করা হয়। সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে বদলী করা হয় আরও আগে। পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারকে ভূরুঙ্গামারী উপজেলায় অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। তিনি কোন সপ্তাহে ১ দিন আসেন আবার কোন সপ্তাহে আসেন না।
তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় উপজেলার মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা মুখ থুবড়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সামান্য কাজের জন্য দিনের পর দিন ঘুরতে হয়।
সোনাহাট কলেজের অধ্যক্ষ ও সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি বাবুল আক্তার জানান, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌছেছে। তিনি দ্রুত শিক্ষা অফিসার নিয়োগের দাবী জানান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান জানান, অফিসার না থাকায় দাপ্তরিক সকল কাজ করতে হচ্ছে। দাপ্তরিক কাজের পাশাপাশি এতগুলো প্রতিষ্ঠান একজনের পক্ষে কিভাবে তদারকী করা সম্ভব? এছাড়া অফিসের নিজস্ব যানবাহন নেই, দেয়া হয় না যাতায়াত ভাতা।
নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্মকর্তা কামরুল হাসান জানান, নাগেশ্বরী একটি উপজেলা। এ উপজেলার দায়িত্বে পালন করে প্রতিদিন ভূরুঙ্গামারী অফিস করা সম্ভব নয়। একাডেমিক সুপারভাইজার গুরুত্বপূর্ণ কাজ গুলো করেন।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় ওই দপ্তরের আমি কোন ধরনের সহযোগিতা পাচ্ছিনা। জেলায় বারবার বলার পরও কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা।
জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম বলেন, কুড়িগ্রামের ৫টি উপজেলায় শিক্ষা অফিসারের পদ শূন্য রয়েছে। এবিষয়টি শিক্ষা অধিদপ্তরে জানানো হয়েছে।








Leave a Reply