আন্তর্জাতিক ডেস্ক: তেল ও জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা তাঁকে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার বা ‘এক্সিট প্ল্যান’ তৈরির জন্য চাপ দিচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্য সংকট আরও বহুমুখী রূপ নিতে পারে বলেও সতর্ক করেছেন উপদেষ্টারা।
ইরানের সঙ্গে যুদ্ধ তীব্রতর হওয়ার মধ্যেই তেলের দাম বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে রাজনৈতিক নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা তাঁকে গোপনে একটি ‘এক্সিট স্ট্র্যাটেজি’ বা যুদ্ধ থেকে বেরিয়ে আসার কৌশল নিয়ে ভাবার পরামর্শ দিচ্ছেন।
ট্রাম্প প্রশাসনের বাইরে থাকা অর্থনৈতিক উপদেষ্টা স্টিফেন মুর প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, যখন গ্যাস এবং তেলের দাম বাড়ে, তখন সব কিছুর দামই বেড়ে যায়। জীবনযাত্রার ব্যয় যেখানে আগে থেকেই একটি বড় সমস্যা, সেখানে এটি নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পও এই সংঘাত দ্রুত শেষ হবার ইঙ্গিত দিয়েছেন, যদিও ইরানের প্রতি তাঁর হুঁশিয়ারি অব্যাহত রয়েছে। ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সামরিক অভিযান তার লক্ষ্য অনেকটা অর্জন করেছে। তিনি বলেন, আমরা সময়ের চেয়ে অনেক এগিয়ে আছি এবং তাঁর বিশ্বাস সংঘাতটি খুব শিগগিরই শেষ হতে পারে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় তাঁর কিছু উপদেষ্টা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। রিপাবলিকানরা সতর্ক করেছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এর রাজনৈতিক প্রভাব ভয়াবহ হতে পারে। তবে প্রশাসনের কিছু কর্মকর্তা সতর্ক করেছেন, ইরান যদি আঞ্চলিক দেশগুলোকে লক্ষ্যবস্তু বানানো চালিয়ে যায় অথবা ইসরাইল যদি ইরানি অবস্থানে হামলা অব্যাহত রাখে, তবে আমেরিকার পক্ষে দ্রুত সরে আসা কঠিন হতে পারে।
ট্রাম্প আরও জানিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ রাখার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা চালিয়ে যেতে প্রস্তুত।
সুস্পষ্ট পরিকল্পনা চাইছেন কর্মকর্তারা
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের কিছু উপদেষ্টা তাঁকে যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার একটি সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপনের জন্য তাগিদ দিয়েছেন। তাঁরা চাইছেন ট্রাম্প এই যুক্তি দিন যে, সামরিক বাহিনী ইতিমধ্যে তার অধিকাংশ লক্ষ্য অর্জন করে ফেলেছে। যদিও ট্রাম্পের রক্ষণশীল সমর্থকদের বড় অংশ শুরুতে এই অভিযানকে সমর্থন করেছিল, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হলে সেই সমর্থন কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন উপদেষ্টারা।
ইরান নতি স্বীকার না করায় ট্রাম্প বিস্মিত
প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যতক্ষণ না ট্রাম্প সন্তোষজনক বিজয় দাবি করতে পারছেন, ততক্ষণ তিনি এই অভিযান বন্ধ করবেন না। বিশেষ করে যেখানে মার্কিন সামরিক বাহিনী সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে ট্রাম্পের চিন্তাধারার সঙ্গে পরিচিত ব্যক্তিদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের টানা সামরিক অভিযান সত্ত্বেও তেহরান যে এখনও নতি স্বীকার করেনি, তাতে ট্রাম্প কিছুটা বিস্মিত হয়েছেন।
যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দেওয়ার পরপরই ট্রাম্প আবার যোগ করেন, আমরা আরও অনেক দূর যেতে পারি এবং আমরা আরও যাব। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প জনসম্মুখে এবং একান্তে তাঁর সহযোগীদের বলেছেন যে, ইরানের নতুন নেতা (মোজতবা খামেনি) যদি মার্কিন দাবিগুলো মেনে না নেন, তবে তাঁকে হত্যার অভিযানেও তাঁর সমর্থন থাকবে।
জনমতের চাপ ও রাজনৈতিক ঝুঁকি
ট্রাম্পকে যুদ্ধের বিষয়ে জনমত জরিপের (পোলিং) তথ্যও দেওয়া হয়েছে। সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে, অধিকাংশ আমেরিকান এই যুদ্ধের বিপক্ষে। তবে ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই মত প্রত্যাখ্যান করে বলেছেন, অধিকাংশ আমেরিকানই ইরানের শাসনব্য বস্থার হুমকি বন্ধ করতে এবং সন্ত্রাসীদের নির্মূল করতে চান, যা প্রেসিডেন্ট ট্রাম্প অর্জন করবেন।
কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের টিম সিদ্ধান্ত নিয়েছে, মানুষকে যুদ্ধের যৌক্তিকতা বোঝাতে আরও আগ্রাসী কৌশল প্রয়োজন। বিশেষ করে যখন ভোক্তারা জ্বালানির ক্রমবর্ধমান দাম সামলাতে হিমশিম খাচ্ছেন।








Leave a Reply