গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ভূমিদস্যু ও জালিয়াত চক্রের পক্ষ নিয়ে এক সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। এ ঘটনায় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি মো. আজিজুল হক গাজীপুর সদর মেট্রো থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গাছা থানার পলাশোনা এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ‘ঠাকুর দাস মণ্ডল’ নামে এক কথিত বাদীকে ব্যবহার করে মিথ্যা মামলা, জাল দলিল ও ভুয়া কাগজপত্র তৈরি করে সাধারণ মানুষের জমিজমা দখল করে আসছে। বিষয়টির অনুসন্ধানে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সাংবাদিক আজিজুল হক আদালত এলাকায় গিয়ে ওই মামলার বাদী ‘ঠাকুর দাস’-এর আইনজীবী মো. নবীজুল ইসলামের (গাজীপুর বারের সদস্য নম্বর ১২৯৮) সঙ্গে দেখা করেন।
সাংবাদিক পরিচয় জানার পর আওয়ামীপন্থী হিসেবে পরিচিত আইনজীবী নবীজুল ইসলাম ক্ষুব্ধ হয়ে বার কার্যালয়ের সামনে বলেন, নয়া দিগন্ত দুই নম্বর পত্রিকা, আপনি ভূয়া সাংবাদিক, কোনো তথ্য দিব না। এরপর তিনি সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে তেড়ে আসেন এবং উপস্থিত অন্য সাংবাদিকদেরও সাইজ করার হুমকি দেন।
স্থানীয় বিচারপ্রার্থীরা এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হলেও পরে আইনজীবী স্থান ত্যাগ করেন। তবে যাওয়ার সময় তিনি হুমকি দিয়ে বলেন, এই বিষয়ে নিউজ করলে দেখে নেব।
ঘটনার পর সাংবাদিক আজিজুল হক নিজেকে নিরাপত্তাহীন বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, নবীজুল ইসলাম গাজীপুরের একটি প্রভাবশালী ভূমিদস্যু ও জালিয়াত চক্রের সক্রিয় সদস্য, যারা বিগত সরকার আমলে রাজনৈতিক আশ্রয়ে থেকে নিরীহ মানুষের সম্পত্তি দখল ও হয়রানি করে আসছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার বাদী হিসেবে যাকে ‘ঠাকুর দাস মণ্ডল’ বলা হচ্ছে, তার উল্লেখিত ঠিকানায় এমন কোনো ব্যক্তি বাস করেন না। অভিযোগে উল্লেখিত পুকুর দখলের ঘটনায়ও জাল দলিল তৈরি করে প্রতারণার প্রমাণ মিলেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের রেকর্ড রুমে তল্লাশি চালিয়ে গ্রহীতা ‘ঠাকুর দাস’ নামীয় দলিলের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
এদিকে এলাকাবাসী প্রশাসনের কাছে কথিত ‘ঠাকুর দাস মণ্ডল’-এর প্রকৃত পরিচয় উদঘাটন এবং সংশ্লিষ্ট প্রতারক চক্রের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহদী হাসান পিপিএম বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক আজিজুল হককে এক আইনজীবী হুমকি দিয়েছেন-এ মর্মে তিনি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।








Leave a Reply