যুগের খবর ডেস্ক: সিলেট সফরে যাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি সোশ্যাল মিডিয়া দখল করে নিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, বৃষ্টিভেজা দিনে এক হাতে ছাতা ধরে অন্য হাতে পরম মমতায় স্ত্রীর হাত ধরে হাঁটছেন প্রধানমন্ত্রী। ছবিটি গতকাল শনিবার সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে বের হওয়ার সময়ের।
সাধারণ এক জোড়া দম্পতির মতো এই সহজ ও সাবলীল দৃশ্যটি নজর কেড়েছে কোটি মানুষের। একটি বিশেষ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে আলোচনার ঝড়।
প্রধানমন্ত্রী নিজেই নিজের ছাতা বহন করছেন এবং সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের হাত ধরে ভিড়ের মাঝে নিরাপদ আশ্রয়ের মতো পথ চলছেন। কোনো প্রটোকল বা সহকারীর সাহায্য না নিয়ে ব্যক্তিগত এই মুহূর্তটি সাধারণ মানুষের হৃদয়ে দাগ কেটেছে।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে অনেক নারী ব্যবহারকারী তাঁদের স্বামীদের ট্যাগ করছেন। কেউ লিখছেন, “তারেক রহমানের মতো ব্যক্তিত্ব যদি ব্যস্ততার মাঝে স্ত্রীর হাত ধরে ছাতা মাথায় দিয়ে হাঁটতে পারেন, তবে আপনি কেন পারবেন না?”
অনেকেই হাস্যরসের ছলে বলছেন, তারেক রহমান এই এক ছবির মাধ্যমে দেশের পুরুষ সমাজকে এক বিশাল চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। এখন থেকে ঘুরতে গিয়ে বা বৃষ্টির দিনে ছাতা না ধরলে স্বামীদের আর নিস্তার নেই!
ফেসবুক ও এক্স ব্যবহারকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের এই রূপের ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই বলছেন, রাজনীতি ও সংগ্রামের বাইরেও যে একজন মানুষ আদর্শ স্বামী হতে পারেন, এটি তারই প্রমাণ।