স্বপন শর্মা
শুক্লপক্ষের চতুর্দশীর রাত। ঘড়িতে চোখ পড়ে, রাত ১টা ৪৫ মিনিট। সাথে ছিলেন এক বড় দাদা। বয়সে বড় হলেও সম্পর্কটা বন্ধুর মতো। আমাদের একমাত্র ভরসা একটা পুরোনো বাইসাইকেল। কিছুটা পথ আমি চালিয়ে এসে আর পারলাম না। অপারগতা জানাতেই দাদা বাকি পথ চালাতে রাজি হলেন। সমস্যা একটাই, সাইকেলে কোনো ক্যারিয়ার নেই। আমাকে বসতে হয়েছিল সামনের রডে। রডে বসা মানেই অস্বস্তিকর যন্ত্রণা। একটু বেশি সময় হলে অবস্থা ভয়ানক হয়ে যায়। তবুও উপায় নেই।
অনেকটা পথ পেরিয়ে আমরা পৌঁছালাম এক বসতহীন এলাকায়। চারপাশ নিঃশব্দ। মেঠোপথটা চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। নির্জন রাস্তায় একটাই সাইকেল, আর তাতে আরোহী আমরা দুজন। হঠাৎ লক্ষ করলাম, আমাদের সামনে একটা রিক্সা। রিক্সার পেছনে বাঁধা হ্যারিকেন। মিটিমিটি আলোয় যেন পথটা চিনিয়ে দিচ্ছে। দাদা প্রাণপণ চেষ্টা করছিলেন রিক্সাটার কাছাকাছি থাকতে। কিন্তু পারছিলেন না। যতই গতি বাড়াই, ততই রিক্সাটা সামনে এগিয়ে যায়। একটা বাঁকে পৌঁছে রিক্সাটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমরা দুজন থমকে দাঁড়ালাম। বুকের ভেতর অকারণ একটা অস্বস্তি জমে উঠল। সত্যিই কি ওটা রিক্সা ছিল! নাকি রিক্সার ছদ্মবেশে অন্য কিছু? ভরকে গিয়েই আবার সাইকেল চালানো শুরু করলাম। বাসায় পৌঁছাতে এখনও অনেকটা পথ বাকি। ভয় বাড়ছিল। তাই আশেপাশে তাকানোর সাহস পাচ্ছিলাম না। শুধু সামনে তাকিয়ে প্যাডেল মারছিলাম। কিছুক্ষণ পর মনে হলো। পেছন থেকে কেউ আমাদের ফলো করছে। অল্প সময়ের মধ্যেই বুঝতে পারলাম। পেছন থেকে একটা আলো জ্বলছে। যেন আমাদের পথ দেখাচ্ছে। আরও কিছুটা এগিয়ে হঠাৎ দাঁড়ালাম। পেছনে ফিরে তাকালাম। কিন্তু কোনো আলো নেই। কিছুই নেই। চারদিক নিস্তব্ধ। দূরের গাঁ থেকে ভেসে এলো কুকুরের ডাক- হুঁউউউ… হুঁউউউ… সেই শব্দ যেন বাতাস ছিঁড়ে আমাদের কানে ঢুকছিল। কুকুরের ডাকের ফাঁকে ফাঁকে শোনা যাচ্ছিল আরেকটা শব্দ। মাটির ওপর কিছু টেনে নেওয়ার মতো। খসখস… খসখস…দাদা ফিসফিস করে বললেন, শুনছিস? আমি কোনো উত্তর দিতে পারলাম না। গলা শুকিয়ে কাঠ। ঠিক তখনই খুব কাছ থেকে ভেসে এলো একটা চাপা শব্দ। ঠক… ঠক… ঠক…। মনে হলো না সাইকেলের পেছনের চাকা। যেন কেউ খালি পায়ে হাঁটছে। আমরা আবার সাইকেল চালাতে শুরু করলাম। যত জোরে চালাই। ততই মনে হচ্ছিল শব্দগুলো পেছনে পেছনে ছুটে আসছে। হঠাৎ বাতাস থেমে গেল। চারপাশ অস্বাভাবিকভাবে শান্ত। সেই নীরবতার ভেতর স্পষ্ট শোনা গেল। হুঁশ্শ্শ্… কারও দীর্ঘ নিঃশ্বাসের মতো। আমি আর দাদা একসাথে পেছনে তাকালাম। কিছুই নেই। ঠিক তখনই কানে কানে একটা ফিসফিসে আওয়াজ ভেসে এলো, থামিস না… আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। বুকের ভেতর ধুকপুক শব্দটা কানে বাজছিল। ধক্… ধক্… ধক্… হঠাৎ দূরে আবার সেই হ্যারিকেনের আলো। মিটিমিটি করে জ্বলছে। অথচ এবার আলোটা এগোচ্ছে না। মনে হচ্ছে বাতাসে ভেসে ভেসে আমাদের দিকেই আসছে। দাদা আর এক মুহূর্ত দেরি করলেন না। প্রাণপণে প্যাডেল মারলেন। সাইকেল কাঁপছে। রডে বসা আমার শরীর অবশ হয়ে আসছে। পেছন থেকে একসাথে ভেসে আসছে অনেকগুলো শব্দ। কুকুরের হাউ হাউ, লোহার চাকা ঘোরার ঘররর…। আর মানুষের মতো, অথচ মানুষের নয়। এমন এক বিকট হাসি। খ্র্র্র্…। শেষমেশ বাড়ির আলো চোখে পড়ল। আলো দেখামাত্র সব শব্দ একসাথে থেমে গেল। হ্যারিকেনের আলো মিলিয়ে গেল অন্ধকারে।
আমরা দৌড়ে বাসায় ঢুকে দরজা বন্ধ করলাম।
দরজা বন্ধ হতেই বাইরে থেকে শেষবারের মতো শোনা গেল। ঠক… ঠক… ঠক…। তারপর, নিস্তব্ধতা। সেই রাতের পর আজও শুক্লপক্ষের চতুর্দশীর রাতে দূর থেকে হ্যারিকেনের আলো দেখলে কানে বাজে সেই শব্দগুলো। আর মনে হয়, ওটা আমাদের পথ দেখাচ্ছিল না… আমাদের পিছু নিয়েছিল।