কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশি জাল টাকার নোটসহ আনোয়ার মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দিনগত মধ্যরাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার সংলগ্ন ভারতীয় সীমান্তগামী একটি কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বাংলাদেশি ৭৫ হাজার জাল টাকার নোট জব্দ করা হয়েছে। আটক আনোয়ার মিয়া পাথরডুবি ইউনিয়নের কানিবাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারিরা ঢেবঢেবির বাজার এলাকা দিয়ে জাল নোট ব্যবহার করে ভারত থেকে গাঁজা ও ইয়াবা নিয়ে আসছে- এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার দিনগত মধ্যরাতে সীমান্ত অভিমুখে যাওয়ার সময় আনোয়ারকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার পুলিশকে জানিয়েছে, এসব জাল নোট দিয়ে তিনি ভারতীয় সীমান্তের কাঁটাতার সংলগ্ন বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা এনে বাংলাদেশে বিক্রি করতেন।ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন বলেন, মাদক ও চোরাকারবারিরা শতভাগ মুনাফার লোভে বাংলাদেশি জাল নোট ব্যবহার করছে। সীমান্ত এলাকায় বসবাসকারীদের অত্যন্ত সতর্কতার সাথে মুদ্রা লেনদেনের পরামর্শ দেন তিনি। আটক ব্যক্তির বিরুদ্ধে জাল নোট রাখার অপরাধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।