
কুড়িগ্রামের উলিপুরে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে কয়সার আলী (৬০) নামের এক মৌসুমী কাঁঠাল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৪জূন)সকালে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কয়সার আলী উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়া পাড় এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ সরকার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়সার আলী একজন মৌসুমী কাঁঠাল ব্যবসায়ী। তিনি সকালে ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর নাডাবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের একটি গাছে কাঁঠাল পাড়তে ওঠেন। গাছটির পাশ দিয়েই চলে গেছে পল্লী বিদ্যুতের তার। কাঁঠাল পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ওই বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গাছ থেকে নিচে মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই আকস্মিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।