
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের ঢাকা-১৫ আসনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ওই এলাকা পরিদর্শন ছাড়াও জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার (১ জুলাই) দিনব্যাপী এই কর্মসূচির শুরুতে পশ্চিম শেওড়াপাড়ায় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এতে উপস্থিত ছিলেন।
পরে এলজিআরডি প্রতিমন্ত্রী সবাইকে সঙ্গে নিয়ে আনন্দবাজার খাল পরিদর্শনসহ পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদ সংলগ্ন গলি, বাইশটেকী সরকার বাড়ি মোড় ও ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। প্রতিটি স্থানে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
মতবিনিময়কালে স্থানীয় বাসিন্দারা ওয়ার্ডভিত্তিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, যার মধ্যে পানির সংকট, গ্যাস সংকট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা ও ভাঙা রাস্তার বিষয়গুলো উল্লেখযোগ্য। পাশাপাশি বাজারের অবৈধ দখল, ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক, কিশোর গ্যাং ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ফি সংক্রান্ত সমস্যার কথাও উল্লেখ করেন তাঁরা।
এ সময় মীর শাহে আলম বলেন, দেশের সমগ্র জনপদের নেতা হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সব এলাকার সমস্যার সমাধানকে সমান গুরুত্ব দিচ্ছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার আবেদন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। তাঁর নির্বাচনী এলাকা যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন। এ অনুশাসনের ভিত্তিতে টিম লিডার হিসেবে এই এলাকা পরিদর্শনে এসেছেন বলেও জানান তিনি।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘আজ ইতিহাসে প্রথমবারের মতো আমরা সরকারি দল ও বিরোধী দল একত্রে এলাকার সমস্যা সমাধানে মিলিত হয়েছি এবং জনগণের সহায়তায় আমরা সকল সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ।’ জাতীয় স্বার্থে বিরোধী দলীয় নেতার ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান জাতীয় স্বার্থে সহযোগিতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।’
মীর শাহে আলম আরও বলেন, সংশ্লিষ্ট সব সংস্থাকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে। অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে এগুলোর স্থায়ী সমাধান করা হবে। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়। এজন্য ওয়াসা, তিতাস ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে তিনি নাগরিকদেরও নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান। এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, পরিদর্শনে প্রাপ্ত সব তথ্য সংকলন করে অগ্রাধিকার ভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। এ বিষয়ে শিগগিরই বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠক করে বাস্তবায়নযোগ্য উদ্যোগ চূড়ান্ত করা হবে।
বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আমার কথা শুনেছেন ও রেখেছেন। আমরা সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে এলাকার সকল উন্নয়ন কার্যক্রমে অংশীদার হবো এবং জনগণকে সঙ্গে নিয়ে সকল সমস্যার সমাধান করে উন্নত ঢাকা গড়ে তুলবো। এ সময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আমরা সব সময় আপনাদের জীবন ও সম্পদের পাহারাদার হিসেবে পাশে আছি। শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে জনগণের দুর্ভোগের বাস্তবভিত্তিক ও কার্যকর সমাধান বের করাই আমাদের মূল উদ্দেশ্য।
ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো সুনির্দিষ্ট আসনের নন, বরং তিনি সমগ্র দেশের ৩০০ আসনেরই নেতা। প্রধানমন্ত্রীকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সবকিছু কেবল সরকারের ওপর ছেড়ে না দিয়ে, আমাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, দীর্ঘদিনের এই সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ করা হয়েছে। সিটি কর্পোরেশনের আওতাধীন বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, কথার চেয়ে কাজে বিশ্বাস রেখে ধাপে ধাপে দৃশ্যমান পরিবর্তন আনা হবে।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতিনিয়ত প্রতিদিন বাসা-বাড়ির বর্জ্য অপসারণ, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম, খাল পুনরুদ্ধার করে খাল সংস্কার, ড্রেন সংস্কার, রাস্তাঘাট সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান ও বৃক্ষরোপণ অভিযানসহ সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত বক্তারা ও স্থানীয় ব্যক্তিবর্গ গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, দেশের উন্নয়ন ও জনস্বার্থে সরকার ও বিরোধী দলের এই সমন্বিত ও সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি অনন্য ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই যৌথ প্রচেষ্টার মাধ্যমে ঢাকা-১৫ আসনের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলোর একটি স্থায়ী ও কার্যকর সমাধান আসবে বলে আশা প্রকাশ করেছেন সর্বস্তরের মানুষ।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর এসময় আরও উপস্থিত ছিলেন।