
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচার করে আনা পোল্ট্রি মুরগির ইনফ্লুয়েঞ্জা/বার্ডফ্লু, রোগের ভ্যাক্সিনের বিশাল একটি চালান জব্দ করেছে পুলিশ। এসময় পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। ২৫ ই নভেম্বর বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোরিকশা হতে ককশিটের ১১ টি কার্টন বোঝাই ১৫৬ লিটার পরিমাণ ভ্যাক্সিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। আটক দুই চোরাকারবারির নামঃ মোঃ ছায়েদ আলী (৪০)পিতা: মৃত রশিদ মিয়া, গ্রামঃ গোরক মন্ডল, থানা: ফুলবাড়ী জেলা: কুড়িগ্রাম। মোঃ মাসুদ রানা (৪৫) পিতা: মোঃ আমিনুল ইসলাম, গ্রামঃ পশ্চিম ফুলমতি থানা: ফুলবাড়ী জেলা: কুড়িগ্রাম।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এসআই নিহার রঞ্জন ও এসআই জাহিদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভোটহাট সীমান্ত এলাকা থেকে আগত একটি অটোরিকশা তল্লাশি করে এসব ভ্যাক্সিন আটক করেন। ভূরুঙ্গামারী উপজেলার ভোটহাট সীমান্ত দিয়ে এসব ভারতীয় ভ্যাক্সিন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এগুলো লালমনিরহাট জেলায় নিয়ে যাওয়া হচ্ছিলো।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন জানান, বিপুল পরিমাণ এসব ভারতীয় ভ্যাক্সিন শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। এই চক্রটি নিয়মিত ভারতীয় পণ্য চোরাকারবারে সাথে জড়িত। সুনির্দিষ্ট তথ্য ও একটানা দীর্ঘ নিরীক্ষণের ফলশ্রুতিতে চক্রটিকে অবৈধ ভ্যাক্সিনসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। কুড়িগ্রাম জেলা পুলিশের মান্যবর পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় নিয়মিত মাদক, চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হবে।