কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মার্কেটের ১০৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে । শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ভূরুঙ্গামারী বাজারের মাংস ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী মোজাম্মেল, সাইফুর, আসাদ ও মঞ্জু জানান, সকাল সাড়ে ৬টার দিকে আমরা বাজারে গরু জবাইয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ কাপড় পট্টির একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আমরা দ্রুত সেখানে যাই। কয়েকটি দোকান থেকে কিছু মালামাল বের করি। কিন্তু মুহূর্তের মধ্যেই গোটা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তাপ এত বেশি ছিল যে কেউ আর কাছে ভিড়তে পারেনি।
খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে স্বপ্ন ছোঁয়া ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী মার্কেট ও চেয়ারম্যান মার্কেটের ৮৫টি কাপড়ের দোকান, জাকের পার্টির উপজেলা কার্যালয়, ১৫টি ফল, জুতা, কসমেটিকস ও বইয়ের দোকান এবং পাঁচটি ভ্রাম্যমাণ নার্সারি সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী টুটুল, আবুল বাশার, আলিম হোসেন, মিলন ও সাইফুর বলেছেন, ‘খবর পেয়ে দোকানে এসে দেখি আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সবার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসার আয়ের টাকায় পুরো পরিবার চলত। আগুনে সব হারিয়ে আমরা এখন নিঃস্ব।নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ভূরুঙ্গামারী ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি টুটুল মিয়া বললেন, ‘এখানকার প্রায় সব ব্যবসায়ী ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন। আগুনে সব হারিয়ে তারা নিঃস্ব হয়ে গেছেন।’ তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সরকারি সহায়তা দাবি করেন।
অগ্নিকাণ্ডের পর উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ জানান, প্রাথমিকভাবে দুটি মার্কেটের ১০৫টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। পুনর্বাসনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া বিকেল ৩টায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানান।