• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Headline
 ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা! তিন বছরে রাজস্ব আদায় ৪ কোটি ৮১ লাখ, মেলেনি মৌলিক সুবিধাও এক যুগেও কাটেনি জোড়গাছ হাটের বেহাল দশা কাদা-পানি, অকার্যকর ড্রেনেজে নাকাল ক্রেতা-বিক্রেতা কুড়িগ্রামে উপজেলা এনসিপির আহ্বায়ক খোকন চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ভূরুঙ্গামারীতে জমি অধিগ্রহন নিয়ে রেলওয়ে ও ব্যক্তি মালিকানা দ্বন্দ্বে, ৭ বছরে হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক কুড়িগ্রামে তিস্তা নদী ভাঙন রক্ষা প্রকল্পে পুকুর চুরি, এলাকায় ক্ষোভ ফের মা হচ্ছেন কিয়ারা কুড়িগ্রাম সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সোনার বাংলা

তিন বছরে রাজস্ব আদায় ৪ কোটি ৮১ লাখ, মেলেনি মৌলিক সুবিধাও এক যুগেও কাটেনি জোড়গাছ হাটের বেহাল দশা কাদা-পানি, অকার্যকর ড্রেনেজে নাকাল ক্রেতা-বিক্রেতা

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১৫ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রতি হাটবারে মানুষের ঢল নামে। কৃষিপণ্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যের বেচাকেনায় সরগরম থাকে পুরো এলাকা। হাট ইজারা দিয়েই রাজস্ব আদায় হচ্ছে কোটি কোটি টাকা। অথচ যে হাট থেকে এত বিপুল অর্থ আসে, চিলমারীর সেই জোড়গাছ হাটের অবকাঠামোগত চিত্র বদলায়নি এক যুগেও।
কাদা-পানি, ভাঙাচোরা সড়ক, জলাবদ্ধতা, অকার্যকর ড্রেনেজ, ব্যবহার অনুপযোগী গণশৌচাগার এবং ব্যবসায়ীদের বসার জায়গার সংকট নিয়েই চলছে হাটের কার্যক্রম। এতে প্রতি হাটবারে বিপুলসংখ্যক ক্রেতা-বিক্রেতাকে ভোগান্তি পোহাতে হচ্ছে। অথচ গত তিন বাংলা সনে শুধু ইজারা থেকেই রাজস্ব এসেছে ৪ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৯১৬ টাকা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্যাট ও আয়কর বাদে চলতি ১৪৩৩ বাংলা সনে জোড়গাছ হাটটি ২ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকায় ইজারা দেয়া হয়। হাটটির ইজারা নেন মাইদুল ইসলাম। ১৪৩২ বঙ্গাব্দে ইজারা মূল্য ছিল ১ কোটি ২৭ লাখ ৬১ হাজার ৯১৬ টাকা। হাটটি কুড়িগ্রাম জেলা জামায়াত নেতা আবু রায়হান ফারুকি নিলেও নির্ধারিত সময়ে ইজারা না হওয়ায় ওই অর্থ ‘খাস আদায়’ হিসেবে নথিভুক্ত হয়। আর ১৪৩১ বঙ্গাব্দে ১ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকায় হাটটি ইজারা নেন মো. ফিরোজ মিয়া।
সরকারি বিধিমালা অনুযায়ী, হাট-বাজারের ইজারা রাজস্বের একটি অংশ সংশ্লিষ্ট হাটের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ব্যয়ের বিধান রয়েছে। ২০১১ সালের হাট-বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা অনুযায়ী ইজারা রাজস্বের ২০ শতাংশের মধ্যে ১৫ শতাংশ এবং ২০২৫ সালের নতুন বিধিমালা অনুযায়ী ২০ শতাংশের মধ্যে ১০ শতাংশ সংশ্লিষ্ট হাটের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ব্যয়ের জন্য নির্ধারিত।
উপজেলা প্রশাসনের দেওয়া তথ্যানুযায়ী, তিন বছরে জোড়গাছ হাটের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারিত অর্থের পরিমাণ দাঁড়ায় ৬১ লাখ ৮৬ হাজার ২৮৭ টাকা। বিধি অনুযায়ী, এই অর্থে হাটের পরিচ্ছন্নতা, গণশৌচাগার, ড্রেনেজ ব্যবস্থা, শেড নির্মাণ বা সংস্কার এবং অভ্যন্তরীণ সড়কসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে ব্যয়ের সুযোগ রয়েছে। কিন্তু এই বিপুল অর্থের বিপরীতে হাটের দৃশ্যমান উন্নয়ন কতটা হয়েছে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা।
উপজেলা প্রশাসনের তথ্যানুযায়ী, গত তিন অর্থবছরের মধ্যে ১৪৩২ বঙ্গাব্দে জোড়গাছ হাট ও আশপাশের তিনটি সড়ক সংস্কার প্রকল্পে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে জোড়গাছ পুরাতন বাজার থেকে রমনা পর্যন্ত সড়ক সংস্কারে ১ লাখ ৫০ হাজার টাকা, জোড়গাছ হাটের রাস্তা সংস্কারে ২ লাখ টাকা এবং জোড়গাছ পুরাতন হাট থেকে মকবুলের বাড়ি পর্যন্ত সড়ক সংস্কারে আরও ২ লাখ টাকা।
তবে বরাদ্দের বিপরীতে সড়কের দৃশ্যমান চিত্র বলছে ভিন্ন কথা। স্থানীয় ব্যবসায়ী ও হাটে আসা মানুষের অভিযোগ, নামমাত্র কাজ দেখিয়েই প্রকল্পের অর্থ ব্যয় দেখানো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, হাটের বিভিন্ন অংশের চলাচলের রাস্তার অবস্থা নাজুক। সামান্য বৃষ্টি হলেই কোথাও কোথাও কাদা-পানিতে একাকার হয়ে যায় পথ। কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় বৃষ্টি থামার পরও দীর্ঘ সময় জলাবদ্ধতা থাকে। ১৪২৮ বঙ্গাব্দে জোড়গাছ নতুন বাজারে একটি ড্রেন নির্মাণ করা হলেও বর্তমানে সেটিও কার্যত অকার্যকর।
হাটের গরুহাটিতে রয়েছে তিনটি গণশৌচাগার। এর মধ্যে প্রায় এক দশক আগে নির্মিত দুটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী। একটির দরজায় তালা ঝুলছে, সামনে জমে আছে ময়লার স্তূপ, চারপাশে গজিয়েছে আগাছা। অন্যটির দরজাই নেই। ফলে শৌচাগার থাকলেও তা কার্যত কোনো কাজে আসছে না। ২০১৮-১৯ অর্থবছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্মিত কমিউনিটি টয়লেটটি এখন হাটের একমাত্র ভরসা। তবে অতিরিক্ত ব্যবহার ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সেটিও ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। এ ছাড়া ব্যবসায়ীদের পণ্য নিয়ে বসার পর্যাপ্ত জায়গা নেই। হাটবারে মানুষের চাপ বাড়লে সংকুচিত হয়ে পড়ে চলাচলের পথ। সুপেয় পানি ও বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত সুবিধাও নেই।
স্থানীয় ব্যবসায়ী হাসান আলী বলেন,‘জোড়গাছ হাট থেকে প্রতিবছর বিপুল রাজস্ব আদায় হচ্ছে। কিন্তু সেই তুলনায় ক্রেতা-বিক্রেতাদের মৌলিক সুবিধা বাড়েনি। বছরের পর বছর একই সমস্যার মধ্যে হাট করতে হচ্ছে।’
স্থানীয় ক্রেতা এরশাদুল করিম রাজু বলেন,‘কোটি কোটি টাকা রাজস্ব আদায় হলেও হাটের রাস্তা, ড্রেনেজ ও পানি নিষ্কাশনের চিত্র না বদলালে উন্নয়ন খাতে নির্ধারিত অর্থের ব্যয়প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।’
জোড়গাছ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জোবাইদুল ইসলাম সুইট বলেন, ‘গত এক যুগেও হাটের উল্লেখ করার মতো উন্নয়ন হয়নি। প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে কিন্তু আমরা এর সুফল পাচ্ছি না।’
তবে হাটের উন্নয়নের বিষয়ে রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আঁকা হাটশেড, সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ হয়েছে এমন দাবি করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান বলেন,‘হাটের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারি বিধিমালা অনুযায়ী নির্ধারিত অর্থ ব্যয়ের বিধান রয়েছে। বরাদ্দের টাকা রাজস্ব তহবিলে জমা আছে। হাটের দুর্ভোগ নিরসনে প্রকল্প নেওয়া হলে ওই তহবিল থেকে অর্থ ব্যয় করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা